নদীর ঐ পাড়ে মনটা যে কাড়ে
থোকা থোকা কাশফুল
ভোরের বেলায় ফুলের মেলায়
অলিদের শোরগোল।
মাঝিদের নায় ঢেউ দোল খায়
বহে মাতাল হাওয়া
ভাটিয়ালি গান জুড়ায় পরাণ
এ যেনো মধুর ছোঁয়া।
ঝিকিমিকি রোদ বাড়ায় আমোদ
খুশিতে ভরায় প্রাণ
নদীর ঐ বাঁকে মাছেদের ঝাঁকে
ঢেউয়ের কলতান।
হাওয়ার তোড়ে ছুটে যাই ভোরে
নদীর ঐ কিনারায়
কি যে ভালো লাগে শিহরণ জাগে
দক্ষিণের হাওয়ায়।
পালতোলা নায় মাঝি দাঁড় বায়
বৈঠাতে ঝংকার তুলে
ভেসে ভেসে যায় দূর অজানায়
ঠিকানা যায়না ভুলে।
সেথা ছুটে যাই মনে শান্তি পাই
তাকালে নদীর পানে
করিনা তো হেলা যাই ভোরবেলা
নদী যে আমায় টানে।






