আজিজুন নাহার আঁখি

আমাদের পাশাপাশি চলার কথা ছিলো
একজন আরেকজনকে পিছনে ফেলবো না
আবার কেউ কারোর আগেও যাবো না
শুরুটা হয়েছিলো একসাথে চলার প্রত্যয়ে।
আমাদের মাঝে কোনো প্রতিযোগিতা ছিলো না
কথা ছিলো একজন আরেকজনকে আঁকড়ে ধরার
দুজন দুজনকে আজীবন আগলে রাখার
আমাদের মাঝে দুরত্বের দেয়াল যেনো না উঠে।
হটাৎ করে এক দমকা হাওয়া এসে
সব তছনছ করে দিলো
ছিটকে পড়লাম দু’জন দুই প্রান্তে
পাশাপাশি চলা চিরতরে থেমে গেলো।
অযাচিত এই ঝড়ের ভয়াবহ তাণ্ডবে
সুখের সাম্রাজ্য বিষাদময় হলো
পাহাড়সম কষ্ট এসে গ্রাস করলো
কেড়ে নিলো আমাদের সুখময় ক্ষণ।
আমাদের আর পাশাপাশি চলা হলো না
অভিমান ভুলে কাছে যাওয়া হলো না
বুকের ভেতর জমানো কথা অব্যক্ত রয়ে গেলো
ইচ্ছেরা সব দলবেঁধে হারিয়ে গেলো।
আমাদের স্বপ্নগুলো আজ ধরাছোঁয়ার বাইরে
আজ শুধুই স্মৃতির পাতায় উঁকি দিচ্ছে
আর আমি প্রতিযোগিতা করতে না চেয়েও
একেবারে হেরে গেলাম,পিছনেই পড়ে রইলাম।

Leave a Comment