আজিজুন নাহার আঁখি

বৃষ্টিভেজা দিনে এই ধরনীর বুকে
তোমার শুভ আগমন,
সব ব্যথা বেদনা গিয়েছিল ঘুচে
স্পর্শ করেছি যখন।


অনেক সাধনায় পেয়েছি তোমায়
জীবনের সেরা ধন,
ভালো থেকো ভালো থেকো
নিজেকে করিও যতন।


সুখের কোন মুহূর্ত সেরা
জানতে যদি চাও
তোমাকে প্রথম ছোঁয়ার ক্ষণ
এটাই জেনে যাও।


হয়তো তোমায় দেইনি ঢেলে
সুখের পেয়ালাখানি,
তবুও মনে রেখো সব সময়
তুমি আমার নয়নমণি।


দোয়া করি স্রষ্টার কাছে
শান্তি পাও জীবনে,
মনে রেখো আপদে বিপদে
পাবে আমায় প্রতিক্ষণে।


তুমি আমার একমাত্র আত্মজা
আমার জীবনের আলো,
কঠিন সময় পার করবে
ঘুচাবে আঁধার কালো।


জীবনের সুখ দুখের পরিক্রমায়
শাসনেই রেখো আমায়,
একটুও বুঝাতে পারিনি কখনো
কতোটা ভালোবাসি তোমায়।


নামের মাঝেই রয়েছে মিশে
উদারতার মূর্ত প্রতীক,
মানব কল্যাণে হও আগুয়ান
ছুটো না দিগবিদিক।

Leave a Comment