আজিজুন নাহার আঁখি

তোর ছুটে চলা আমায় চলতে প্রেরণা যোগায়
ক্লান্তি অবসাদ ঘুচিয়ে হৃদয় আশায় বুক বাঁধে
ইচ্ছে করে তোর মতোই চেনা অচেনা বাঁক পেরুই
এক দেশ থেকে আরেক দেশে ছুটি
তোর সাথেই গল্প করি তোর সাথেই থাকি।
তুই কি বুঝিস আমার হৃদয়ের আকুতি?
আমিও যে তোর মতো হতে চাই
এই যে তোর চলার পথ তুই বের করিস
বল না আমায় আমি পারি না কেন?
তোর আনন্দ উচ্ছাস রাগ ক্রোধ কষ্ট বেদনা
সবই আমাকে তোর মতো করতে বলে
কিন্তু এই ক্ষুদ্র আমি কিছুই পারি না
তোর উপচে পড়া আনন্দে সবাই আত্মহারা হয়
আমার আনন্দে হিংসা করে
তোর গর্জনে সবাই আতংকিত সবাই ভীত
আমার হৃদয়ের গর্জন কেউ শুনে না।
তুই এপার গড়িস ওপার ভাঙিস
আর আমি ভাঙতেও জানি না
আর গড়তে গেলে থমকে যাই
তোর জলে কতো প্রশান্তি কতো কতো
আর আমার চোখের নোনা জলে শুধু বেদনা।
খুব করে চেয়েছিলাম তোর মতোই ছুটতে
তোর মতোই সব কষ্ট অভিমান অবহেলা ঝেড়ে ফেলতে
কিন্তু কোথায় এসে যেনো আর পারি না।
তোর মতো হতে না পারলাম, তোকে ছেড়ে যাবোনা
তোর কাছ থেকে যেটুকু অনুপ্রেরণা পাই
সেটুকুই আমায় এগোতে সাহস যোগায়
আমার অব্যক্ত কথা সব তোর কাছে জমা রাখলাম
কথা দে কেউ জানবে কেউ বুঝবে না
তুই শুধু তোর বয়ে চলার সুখ টুকু দিস
আর আমার বেদনার জল তুই রাখিস।

Leave a Comment