বাইরে রিনিঝিনি ছন্দে বৃষ্টি ঝরছে অবিরত
সাথে বইছে দখিনা মৃদুমন্দ বাতাস,
আর জানালার কাঁচ সরিয়ে নিলেই
মাঝে মাঝে জানালার ফাঁক দিয়ে
হালকা ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা এসে
আমার কপোল ছুঁয়ে দিচ্ছে।
বৃষ্টির প্রতিটি ফোঁটায় আছে স্নিগ্ধতা
আছে শীতলতা আছে অনাবিল শান্তি,
ইচ্ছে করে বৃষ্টিকেই আলিঙ্গনে আবদ্ধ করি
সকল ক্লান্তি অবসাদ দূর হয়ে যাক
মুছে যাক কষ্টের প্রতিটি ক্ষণ
মুক্তি পাক জমে থাকা কষ্টের স্তুপ।
বৃষ্টির সাথে অনেক কথা বলি
কিন্তু বৃষ্টি একই ছন্দে সুর তুলে
আর কান্না লুকোতে বৃষ্টির জলে
অশ্রুজল মিলেমিশে একাকার হয়
তখন বুঝাই যায়না জলের তফাৎ
কারণ জলের তো কোনো রঙ নেই।
প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য্য
চারিদিকের কোমলতার স্নিগ্ধ আবেশ
স্রষ্টার দেয়া এক শ্রেষ্ঠ নেয়ামত
সুনসান নিরবতায় একাকীত্বের বাস
নির্জনতায় ঘেরা আমার হৃদয়ের উঠোন
যেথায় শুধু শূন্যতা আর শূন্যতা।
যদি আবার, আবার ফিরে পেতাম
সেই ফেলে আসা সোনালী দিন
ফেলে আসা সুখ-দুঃখের মুহূর্ত
এই বৃষ্টির মতো শীতল হাওয়ায় মতো
তাহলে ঠিক নিবিড় আলিঙ্গনে বাঁধতাম
কিছুতেই ছেড়ে দিতাম না,কিছুতেই না।






