আজিজুন নাহার আঁখি

মানুষের সম্পর্ক ব্যবহৃত পোশাকের মতো নয়
যে পছন্দ হলো না ফেলে দিলাম
বা অন্য কাউকে দিয়ে দিলাম
হ্যাঁ পোশাকের রঙ, স্থায়িত্ব এক থাকে না
সময়ে পোশাকও রঙ বদলায়
একসময় যে পোশাক রঙিন চকচকে
সময়ের ব্যবধানে সেই পোশাকও বিবর্ণ হয়ে যায়।
তেমনি মানুষের কাল ভেদে আচরণ বদলায়
যেমন একজন শিশুর সারল্য, চঞ্চলতা স্থায়ি হয় না
কৈশোরের দুরন্তপনা,যৌবনের তারুণ্য স্থির থাকে না
প্রবীণে সেও পোশাকের মতো বিবর্ণ হতে পারে।
কিন্তু আমরা পোশাকের যত্নে যতোটা অবহেলা না করি
তার চেয়ে বেশি অবহেলা করি সম্পর্কের
পোশাক তো চাইলেই ফেলে দেয়া যায়
কাউকে দিয়ে দেওয়া যায়, নতুন কেনা যায় কিন্তু
আমাদের মাঝে যে সম্পর্কের অদৃশ্য বাঁধন
সেটা কি ছিন্ন করা যায়? ফেলে দেয়া যায়?
ইদানীং আমরা সম্পর্ক ছিন্ন করতে
একটুও কুণ্ঠাবোধ করিনা একটুও দ্বিধাবোধ করিনা
এই যেনো কিনে আনা কোনো সস্তা পোশাক
যে পরলে পরলাম না পরলে ফেলে দিলাম।
এতো গেলো রঙ বেরঙের পোশাকের কথা
ঘরের দামী আসবাবপত্রের যে যত্ন নেই
তার ছিটেফোঁটা যত্নও মানুষের প্রতি নেই না
কাঠে যাতে ঘুন না ধরে , যাতে কালচে দাগ না পড়ে
সেই জন্য আমরা বছরান্তে বার্নিশ করাই
প্রয়োজনে ক্ষুদ্র মেরামতও করাই
আর এসব করাই ঠিক আগের মতো রাখতে।
কিন্তু নিজেদের সম্পর্কের মধ্যে যে ঘুন ধরতে পারে
অবহেলা অযত্নে কালচে দাগ পড়তে পারে
তার জন্য বার্নিশের কথা ভাবি না।
যদি একটি বার মন থেকে
পাশে থাকা মানুষের প্রতি যত্নশীল হই
তাকে অবহেলা না করে আগলে রাখি
তাহলে জীবন হয় সুন্দর হয় মধুময়।

Leave a Comment