মূল্যবান কিছু হারিয়ে গেলে
আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করি
থানায় সাধারণ ডায়েরি করি
সন্দেহ তালিকায় অনেকের নাম দেই,
সত্য মিথ্যা না জেনে অনেককে আইনের
হাতে তুলে দিতে সময়ক্ষেপণ করিনা।
অনেক সময় সন্দেহের বশবর্তী হয়ে
নিরপরাধ ব্যক্তি শাস্তি ভোগ করে,
হারানো জিনিস পাই বা না পাই
ফিরে পেতে সব পন্থা অবলম্বন করি।
আবার মানুষ হারিয়ে গেলে আপনজনেরা
নিখোঁজ সংবাদ পত্রিকায় দেয়
পাড়ায় পাড়ায় মাইকিং করে,
রেডিও টিভিতে প্রচারের ব্যবস্থা করে,
মাঝে মাঝে নগদ অর্থ পুরুষ্কারের কথা বলে
সোশ্যালমিডিয়ায় প্রচারের ঝড় তুলে,
পানি পরা ঝারফুক করতেও দ্বিধা করিনা
প্রার্থনায় স্রষ্টার কাছে করুণা যাচি
দৈনন্দিন জীবন যাপন স্বাভাবিকতা হারায়
প্রতিটি ক্ষণ অস্থিরতায় কাটে।
অন্যদিকে মানুষের বিশ্বাস হারিয়ে গেলে
সেটা ফিরে পাবার জন্য
কোনো নিখোঁজ সংবাদ প্রচার হয়না
পাড়ায় পাড়ায় মাইকিং হয়না
রেডিও টিভিতে সংবাদ প্রচার হয়না
সোশ্যালমিডিয়ায় শোরগোল থেমে যায়।
অবিশ্বাসী মানুষের নামটা অগোচরেই থেকে যায়
কেউ কেউ অবিশ্বাসী মানুষের সাথেই
এক ছাদের নিচে জীবন পার করে।
অথচ বিশ্বাসের ভীতটা নড়বড়ে হয়ে গেলে
জীবনের সব সুর ছন্দ তাল লয় হারিয়ে যায়
আমরা বাহ্যিকতায় যতোটা আত্মনিয়োগ করি
মনের ভেতরে যে তোলপাড় হয়ে
তার দিকে ফিরেও তাকাই না।
মনের ভেতরে যে দীর্ঘশ্বাসের মিছিল হয়
নিরব স্লোগানে অশ্রুপাত হয়
আর চোখের জলের স্লোগান শুধু
নিজেকে কাঁদায় শুধু নিজেকেই কাঁদায়।






