এক মুঠো রোদ্দুর চেয়েছিলাম
রোদ্দুরের উষ্ণতায় নিজেকে উজ্জীবিত করতে
কিন্তু আগ্নেয়গিরির লাল আভা ঘিরে ধরলো
আর জ্বলে পুড়ে ভস্মীভূত হলাম।
বিকালের মিষ্টি শীতল হাওয়া চেয়েছিলাম
শীতলতায় দিনের সব ক্লান্তি দূর করতে
কিন্তু হটাৎ দমকা ঝড়ো হাওয়া উঠলো
আর ঝড়ের তান্ডবে ছিন্নভিন্ন হলাম।
এক পশলা বৃষ্টি চেয়েছিলাম
বৃষ্টির জলে সব অবসাদ ঘুচাতে
কিন্তু সাগরের জলোচ্ছ্বাস ভাসিয়ে দিলো
আর সেই জলোচ্ছ্বাসে সব হারিয়ে নি:স্ব হলাম।
চঞ্চলা ঝর্ণার ছন্দময় সুর শুনতে চেয়েছিলাম
সুরের মূর্ছনায় হৃদয়কে আলোড়িত করতে
কিন্তু ভূমিকম্পের কম্পনে চারিদিক কম্পিত হলো
আর সেই কম্পনে ভেঙে টুকরো টুকরো হলাম।
ছোট্ট ছোট্ট স্বপ্নই তো দেখেছিলাম
স্বপ্ন বুনেছিলাম সুখের সাম্রাজ্য গড়তে
কিন্তু সব কিছুই ধূলিস্যাৎ হয়ে গেলো
এখন শূন্যতার করালগ্রাসে নিমজ্জিত হলাম।
একটুখানি নিরিবিলি সময় চেয়েছিলাম
হৃদয়ের জমানো সব কথা বলতে
তুমি আমায় নির্জন দ্বীপে ছেড়ে দিলে
আর এখন আমি একা শুধু একা।






