তুমি আমার কাছে জানতে চেয়েছিলে
পাহাড় না সমুদ্র কোনটা আমার পছন্দ?
আমি তোমার চোখে চোখ রেখে বলেছিলাম
আমার সমুদ্র ভালো লাগে।
তুমি আবার জিজ্ঞেস করলে পাহাড় কেনো অপছন্দ
আমি তখন তোমার হাতটা ধরে বলেছিলাম
পাহাড় স্থির আর সমুদ্র বহমান
তাই সমুদ্রের অথৈজল আমাকে টানে।
আসলে পাহাড়ের নিস্তব্ধতা নীরবতা স্থিরতা
আমাকে কখনো কাছে টানেনি
কখনো পাহাড়ের মতো নীরব হতে চাইনি
পাহাড়ের মতো নিভৃতে একাকীত্ব চাইনি।
আমি সমুদের গর্জনে কখনো ভয় পাইনি
ঢেউয়ের দোলায় দুলতে চেয়েছি
সাগর তীরের মিষ্টি হাওয়া প্রশান্তি দিয়েছে
সমুদ্রের বিশালতার মতো মনকে বিশাল করেছি।
জীবনের অনেকটা সময় পার করে
এখন মনে হয় সত্যিই সমুদ্রের মতো জীবন
সমুদ্রের বুকে যেমন অথৈ নোনাজল
তেমনি নোনা জল আমার চোখেও বয়ে যায়।
ঢেউয়ের পরে যেমন ঢেউ আছড়ে পরে
আমিও জীবনে তেমনি অনেক বার আছড়ে পরছি
সমুদ্রের যেমন বিশ্রাম নাই শুধুই বয়ে চলা
আমারও তেমনি এদিক থেকে ওদিক ছুটে চলা।
তুমি যদি এখন আবার জিজ্ঞেস করতে
পাহাড় না সমুদ্র কোনটা পছন্দ?
এখনো ঠিক একই কথা বলতাম
হ্যাঁ আমার সমুদ্র ভালো লাগে সমুদ্র আমায় টানে।






