আজিজুন নাহার আঁখি

শান্তি চাই শান্তি চাই

৭১ এর ভয়াবহ তান্ডব দেখিনি
দেখিনি তাজা রক্তে রঞ্জিত রাজপথ
দেখিনি বীভৎস মৃতদেহের স্তুপ
শুনিনি ধর্ষিতার আর্তচিৎকার।

দেখিনি ধর্ষিতার গায়ে হায়েনার ছোবল
দেখিনি পিতার কাঁধে পুত্রের লাশ
দেখিনি সদ্য বিবাহিতা নারীর বৈধব্যদশা
শুনিনি সন্তান হারা মায়ের ক্রন্দন।

আমি এসব কিছুই দেখিনি কিছুই দেখিনি
৭১ এর বিজয় উল্লাসও দেখিনি
দেখিনি লাল সবুজ পতাকার মিছিল
শুনিনি বিজয়ের ডামাডোল।

ইতিহাসের পাতায় লেখা পড়ে
মুক্তিযোদ্ধা বাবার মুখে শুনে
চোখে ভেসে উঠে সেই সব ভয়াল দৃশ্য
কানে বাজে ধর্ষিতার চিৎকার মায়ের আহাজারি।

সত্যিই ৭১ এর রক্তের বন্যা দেখিনি
দেখতেও চাইনা আর রক্তের হোলিখেলা
শুনতে চাইনা কোনো হায়েনার অট্টহাসি
এখন শুধু শান্তি চাই শান্তি চাই শান্তি চাই।

Leave a Comment