আলোকবর্ষ দূরে অবস্থান হোক না কেনো
কেউ কেউ দূরে থেকেও কাছে থাকে
তারা ইচ্ছে করলেও কেউ কাউকে
হয়তো ছুঁয়ে দিতে পারেনা,
তাদের কখনো হাতে হাত রাখা হয় না
তাদের মাঝে কখনো দৃষ্টি বিনিময় হয় না,
মধুর আলাপনে তাদের সময়ও কাটে না
তবুও তারা অনেক কাছাকাছি ঠিক হৃদয় গহীনে
তাদের অবস্থান যেনো একই বৃত্তে।
অপরদিকে পাশাপাশি থেকেও কেউ কেউ দূরে
তারা ইচ্ছে করলেই ছুঁয়ে দিতে পারে
ইচ্ছে অনিচ্ছায় আলিঙ্গনে আবদ্ধ হতে পারে
যখন তখন কথার মালা গাঁথতে পারে
থালাবাসনের মতো ঝনঝন করতে পারে
তবু সব থেকেও তারা আলোকবর্ষ দূরে
হয়তো তারা সময় অসময়ে একই সীমারেখায়
আসলে তারা কখনো একই বৃত্তে থাকতে পারে না।
জীবনের ভৌগোলিক অবস্থানের সাথে
হৃদয়ের অবস্থান সমন্বয় করা কঠিন
ইচ্ছা হলেই ভৌগোলিক সীমারেখার বাইরে
ইচ্ছে করলেই নিজস্ব বলয় ভুলে যেতে পারে
হুটহাট এক সীমানা থেকে অন্য সীমানায়
কিন্তু হৃদয়ের ভৌগোলিক অবস্থানের পরিবর্তন
আমাদেরকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয়।
কাছে থেকে দূরে থাকার মতো যন্ত্রণা
ছুঁয়ে দিতে পারলেও হৃদয়ে না থাকা
যখন তখন কথায় মন না ভরার বেদনা
নি:শব্দের নিগুঢ় ব্যথার পাহাড়
হৃদয় গহীনে দগদগে ক্ষত শুকোয় না
যা আজীবন বয়ে বেড়াতে হয়।






