কষ্ট সব সময় সজোরে কড়া নাড়ে না
কখনো কখনো সে চুপিচুপি আসে
যাতে তার আসার শব্দে কেউ সতর্ক না হয়
তবে কষ্টের আসাটা খুব দ্রুতই হয়।
কিন্তু স্থায়িত্ব হয় অনেক গুণ বেশী
ইচ্ছে করলেই দুহাত দিয়ে পেশীর জোরে
কষ্টকে উপড়ে ফেলা যায় না,
ধাক্কা দিয়ে দূরে সরানো যায় না
আবার কষ্টকে চাপা দিয়েও রাখা যায় না।
আগুনে পোড়ার সময় হালকা জিনিস
সহজেই আগুন ধরে, সহজেই পুড়ে ভস্মীভূত হয়
কিন্তু শক্ত কোনো জিনিস ধীরে ধীরে পুড়তে থাকে
মানুষের হৃদয়ে দহন যন্ত্রণাও ধীরে ধীরে হয়
আর হৃদয়ে যে কষ্টের আবাসভূমি তৈরি হয়
সেটা সহজে সরানো যায় না
দহন যন্ত্রণায় হৃদয় শুধু ছটফটিয়ে উঠে
এই যন্ত্রণা উপসমের কোনো ঔষধ নাই,
বরং কষ্টের আবাদে পরিপূর্ণ হয়ে ওঠে হৃদয়ের উঠোন।






