মা ও মা তোমার জন্য খুব কষ্ট হচ্ছে
কেনো আমায় সরিয়ে দিলে?
দেখো এখন আমিও নাই তুমিও নাই
ঘরের ভেতর অন্য সবাই আছে
মা জানো, বাবাও চলে আসছে
তোমাকে শুধু ওরা ধরে নিয়ে গেছে
ওরা বুঝি তোমাকে আটকে রাখবে?
মা ওখানে তোমার ভালো লাগবে?
আমাদের ছাড়া এই বাড়ি ছাড়া
তুমি একা একা কিভাবে থাকবে?
ওরা তোমাকে বকা দিবে , মারবে?
তোমাকে ঠিকমতো খেতে দিবে না?
কেনো যে আমাকে মেরে ফেললে?
আমি না তোমার মেয়ে, তোমার ময়না,
তোমার রক্ত মাংসেই তো আমার জন্ম
তোমার কোলেই তো আমার বেড়ে ওঠা।
সেই আদরের মেয়েকে মেরে ফেললে?
আমি অনেক কান্নাকাটি করলাম
কিন্তু তুমি কী ভয়ংকরভাবে আমায় আঘাত করলে
তারপরও আমি যখন মরিনি তখন
তুমি কাকাকে সাথে নিয়ে আমাকে শেষ করে দিলে
আচ্ছা, কাকাকে তুমি অনেক ভালোবাসো তাই না?
আমাদের সবার চেয়ে কাকাই আপন!
আর দেখো আমাকে সরিয়ে এখন তোমরা আলাদা।
আচ্ছা তুমি না আমাকে খাইয়ে দিতে
অসুস্থ হলে সেবা করতে,
স্কুলে যাবার সময় সাজিয়ে দিতে
সেই তুমি আমাকে এতো কষ্ট দিলে
তোমরা আমাকে বাঁচতেই দিলে না।
জানো মা, আমি আল্লাহর কাছে
সব সময় তোমার আর বাবার জন্য দোয়া করতাম।
আমি শুধু মায়ের কাছে থাকতে চেয়েছি,
বাবার আদর পেতে চেয়েছি,
কিন্তু তোমরা আমাকে শেষ করে দিলে।
মায়ের মতো আপন কেহ নাই
সেটা তুমি মিথ্যা প্রমাণ করলে
তবুও তুমি ভালো থেকো মা
তোমার ময়না আর কখনো মা ডাকবে না
কখনো তোমার কাছে আসবে না।
এবার খুশি হয়েছো তো??






