আজিজুন নাহার আঁখি

আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
নীলের মাঝে সাদার ছড়াছড়ি
নদীর জলে পড়ে মেঘের ছায়া
ঢেউয়ে ঢেউয়ে যাচ্ছে গড়াগড়ি।

শান্ত কোমল নদীর ঘোলা জল
নীলের ছোঁয়ায় লাজে যায় মরে
পূবাল বাতাস শনশন বয়
মাঝি কন্ঠে ভাটিয়ালি সুর ধরে।

আহা কী রূপের যাদুকরী সুধা
নয়ন ভরে দেখে মেটেনা তৃষা
ইচ্ছে করে আকাশের নীল হয়ে
নদীর জলে হারাই সব দিশা।

এমনো রূপ গেঁথেছি সযতনে
আমার হৃদয়ের মণিকোঠায়
যতোই দেখি ততোই তৃষ্ণা বাড়ে
হারাতে চাই আকাশ নীলিমায়।

Leave a Comment