কচু পাতায় বৃষ্টির জল
বাতাসে করে টলমল
একটু খানি বাতাস এলে
গড়িয়ে পড়ে হেলেদুলে।
জীবনটাও সবার এমন
কচু পাতায় জলের মতন
এইতো আছি এইতো নাই
সময় এলেই ফুরিয়ে যাই।
ছোট্ট জীবন জেনেও সবাই
দম্ভ অহংকার করে যাই
দম ফুরালেই সব শেষ
তবুও ধরি বাহাদুরি বেশ।
মরণ যদি থেমে যেতো
অন্যায়কারী সুযোগ পেতো
যদিও তারা হায়েনার বেশে
মানুষ মারে অট্টহাসি হেসে।
কচু পাতায় জলের ফোঁটা
ছুঁয়ে দিলে থাকেনা ওটা
বাহাদুরি এবার বন্ধ করো
মানব সেবার পথ ধরো।






