আজিজুন নাহার আঁখি

আষাঢ় এলেই ঝমঝমিয়ে বৃষ্টি হতো
ক্ষণে ক্ষণে ডাকতো কালো মেঘ
যখন তখন অবিরাম বাদল ধারায়
বৃক্ষরাজিতে স্নিগ্ধতা ছুঁয়ে যেতো।

আজকে সবই বদলে গেছে
আকাশ জুড়ে শুধুই রোদের ঝিলিক
মেঘেরা সব লুকালো বুঝি!
বৃষ্টি-বাদল ঝরছে না অবিরত।

আষাঢ় এলেই কদম ফুটতো ডালে ডালে
এবার দেখি কদমও নিয়েছে ছুটি
দু’হাত ভরে কদম ফুলের গুচ্ছ হাতে
দাঁড়ায়নি কেউ পথের কোনো বাঁকে।

সবই দেখি জীবনের সাথে মিলে গেছে
যেমন কারোর জীবন শুষ্ক মরুভূমি
আবার কারোর জীবনের সুরভি গেছে সরে
তাই বলে কি আষাঢ় মাসেও খরতাপ দিবে ঢেলে?

Leave a Comment