আজিজুন নাহার আঁখি

কারোর ঘরে ভোর বেলাতে
সেমাই পায়েসের ধুম
কেউ থাকে মুখ ফিরিয়ে
কাঁথা মুড়িয়ে ঘুম।

নতুন পাজামা-পাঞ্জাবি
জুতো আর টুপি মাথায়
জায়নামাজ হাতে নিয়ে
কেউ ঈদের মাঠে যায়।

কেউ থাকে ঘরের কোণে
মুখ লুকায় বিছানায়
যে যায় বলুক তাকে
তাতে তার কি আসে যায়?

সুবাসিত হয় চারিদিকে
সুগন্ধি আর আতরের ঘ্রাণে
ছোটো বড়ো সকলে আজ
মিলেছে হাসিখুশি প্রাণে।

মায়ের মুখে হাসি ঝরে
ছেলের হাসিমুখ দেখে
কোনো মায়ের অশ্রু ঝরে
ছেলেকে বিছানায় রেখে।

কারোর ঘরে পোলাও কোর্মা
রঙ বাহারি খাবার
কারোর ঘরে জুটে না
এক মুঠো আহার।

কেউ করে বিলাসিতা
রঙে ঢঙে সাজে
পুরাতন পোশাকে কেউ
মুখ লুকায় লাজে।

স্বজন হারানোর শোকে
অশ্রু ঝরে অবিরত
জানি কিছুতেই ঘুচবে না
হৃদয়ে জমা ক্ষত।

এক আকাশের নিচে বাস
ভিন্ন ভিন্ন ধরণ
আল্লাহ পাক জানেন
এটাই রাখিও স্মরণ।

এমন ঈদ চাই না
চাই না দু:খ কষ্ট
সবার মুখে ফুটুক হাসি
জীবন না হোক নষ্ট।

Leave a Comment