আজিজুন নাহার আঁখি

বৈশাখের প্রথম ভোরে

বৈশাখের প্রথম ভোরে
বইছে স্নিগ্ধ বাতাস
পাখির মধুর গুঞ্জনে
মুখরিত চারিপাশ।

গাছে গাছে নতুন পাতা
সবুজে মাখামাখি
মনটা যায় হারিয়ে
কি করে আগলে রাখি?

পুরাতন দু:খ ব্যথা
আড়ালে ঢেকে রাখি
পাপ পঙ্কিলতা সরিয়ে
পরিশুদ্ধ হয়ে থাকি।

এসো নবীন এসো প্রবীণ
হাতে রাখি হাত
একসাথে পথ চলি
কাটাই আঁধার রাত।

হিংসা বিদ্বেষ দ্বিধা দ্বন্দ্ব
ছুড়ে দেই ফেলে
শুদ্ধ করি সবার মন
সততার আলো জ্বেলে।

পুরাতন যতো আবর্জনা
মুক্ত করি নিজ হাতে
নব আলোয় এগিয়ে যাই
সকলে একসাথে।

ভেদাভেদ ভুলে যাই
সবাইকে করি আপন
মানুষে মানুষে গড়ি
একতার নিবিড় বাঁধন।

চলো গাই সাম্যের গান
পায়ে পায়ে পথ চলি
নববর্ষের প্রথম লগনে
ভালোবাসার কথা বলি।।

Leave a Comment