কুয়াশার চাদরে প্রকৃতি এমনভাবে আচ্ছাদিত যে দেখে মনে হচ্ছে কুয়াশা প্রকৃতির সব কষ্ট আড়াল করে রেখেছে।আর এই কষ্ট থেকে মুক্ত করতে একটু পরেই পূব আকাশে সূর্য উঁকি দিচ্ছে। আর তার কিরণে প্রকৃতিকে প্রাণবন্ত করে তুলে।সূর্যের উষ্ণ আলিঙ্গনে প্রকৃতি প্রাণখুলে হেসে উঠে। তোমার জীবনের কষ্টকেও আড়াল করে নিজে ধৈর্য্য ধরে চলো। দেখবে সোনালি সূর্যের মতো সুখ এসে তোমায় উজ্জীবিত করবে।
- “ব্যবহারে বংশের পরিচয়” এটা বহুল প্রচলিত কথা। আমাদের কথায় আচরণে বিনয় প্রকাশ পেলে তার জন্য কিন্তু আমাদের বাবা মা প্রশংসিত হয় আর যদি কোনো ঔদ্ধত্য ফুটে ওঠে তাহলে তাদেরকে নিন্দিত হতে হয় তাই আমাদের নিজেদের কথায় বিনয়, আচরণে শিষ্টাচার থাকাই শ্রেয়।
- গাছের ফাঁকে রোদের ঝিলিক একটু করে উঁকি দিচ্ছে আর মেঘ এসে বারবার আড়ালে ঢেকে দিচ্ছে। মেঘ রোদ্দুরের এটা খুনসুটি নয় এটা তাদের মেলবন্ধনের প্রতিচ্ছবি। নদীর জলে মেঘের ছায়ার সাথে গাছের ছায়াও মিলেমিশে একাকার। ইচ্ছে করে মেঘ হয়ে আকাশ ভেসে বেড়াই আর যখন মন চাইবে তখনই বাদল ধারায় প্রকৃতির তৃষ্ণা মেটাতে পারবো।
- কারোর সাথে প্রতারণা করে তুমি তৃপ্তির হাসি হেসো না, তোমার প্রতারণা সে ধরতে না পারলেও সৃষ্টিকর্তা ঠিকই দেখেন। কাউকে ঠকিয়ে অর্থসম্পদ গড়লে সে অর্থসম্পদ ভোগ করার ভাগ্য তোমার হবে কি না সেটা কি নিশ্চিত বলতে পারো?ক্ষণিকের এই দুনিয়ায় আমরা সবাই অতিথি মাত্র তাই প্রতারণা না করে বিশ্বাসের মর্যাদা রাখো।
- স্বার্থ ছাড়া কেউ কিছু করেনা হয় জীবনে পারফেক্ট সময় আর পারফেক্ট মানুষ পাওয়া সৌভাগ্যের। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে যায় তাই সময়কে যথাযথ ব্যবহার করতে নিজেকেও পারফেক্ট হতে হবে। আর কেউ পারফেক্ট হয়ে আসেনা, নিজের কাজ,ব্যবহার দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারলেই তাকে পারফেক্ট মনে হয়।
- আজকের আকাশে শুধুই নীলের ছোঁয়া।আমার প্রিয় রঙ নীল তাই আমাকে মুগ্ধ করেছে নীল আকাশ।বেদনার রঙ না কি নীল আর আকাশে যে আজ নীলের ছড়াছড়ি তাহলে কি ওখানেও বেদনা? দেখে তো মনে হচ্ছে ফুরফুরে আছে।সাদা নীলের মাখামাখি যেনো জন্ম জন্মান্তরের।”ভালো থাকো আকাশ ভালো থাকো নীল -সাদা আর নীলে যেনো এভাবেই হয় মিল”।
- আঁধারের পরে আলোক রশ্মি যেমন প্রকৃতিকে উজ্জ্বল করে তেমনি কান্নার পরে এক চিলতে হাসিও মনকে প্রফুল্ল করে। আসুন রাতের নিরবতায় দু:খকে এক পাশে রেখে প্রশান্তির ঘুমে বিভোর হই। সকাল বেলায় প্রাণচাঞ্চল্যে ভরপুর থাকি, নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যাই।
- ঘরের দরজা জানালা বন্ধ করে তালাবদ্ধ করে কোথাও কয়েকদিন ঘুরে আসার পর বাড়িতে ফিরে সেই আবদ্ধ ঘর খোলা মাত্রই এক গুমোট ভাব আর দম বন্ধ করা গন্ধ একেবারেই অস্থির লাগে। আমরা তালা খুলেই ঘরের সব দরজা জানালা খুলে দেই যাতে বাইরের বাতাস এসে ঘরটাকে দুর্গন্ধ মুক্ত করে। মানুষ যেখানে থাকেনা সেখানে পোকামাকড় বসতি গড়ে। তেমনি কোনো মানুষও যদি নিজেকে সবার থেকে আলাদা করে নিজের মধ্যে গুটিয়ে ফেলে একসময় তার মধ্যেও এক ধরণের গুমোট পরিস্থিতি সৃষ্টি করে যা তার নিজের জন্যও কল্যাণকর নয় আর সমাজের জন্যও নয়। তাই নিজেকে আবদ্ধ না করে মেলে ধরো,মনের ভেতর কিছু চেপে না রেখে প্রকাশ করো পারলে মানব কল্যাণে নিয়োজিত করো কেননা অস্বাভাবিক কোনো জিনিসই সুখকর নয়।
- খেয়াল করে দেখলেই বুঝা যায় যে ঘোর অমানিশার মাঝে ছোট্ট জোনাকির আলোও পথ দেখায়, মনের ভয় দূর করে।মানুষের জীবনেও এমন ঘোর অমানিশায় চারিদিক অন্ধকারে ঢেকে যায় তখন কারোর ছোট্ট একটা ইতিবাচক কথায় মানুষ ভরসা পায়, নিজেকে শক্ত করে এগিয়ে নিতে অনুপ্রেরণা পায়, মুখ থুবড়ে পড়ে না থেকে উঠে দাঁড়ায়। তাইতো কারোর জীবনে নক্ষত্রের আলো না হলাম ছোট্ট জোনাকির মতো মিটমিট করে পথ দেখাতে চাই। হে দয়াময় এই সুন্দর পৃথিবীতে সুন্দর কিছু রেখে যাওয়ার তৌফিক দাও।






