আর কতো রক্তের হোলিখেলা চলবে?
আর কতো মায়ের বুক খালি হবে?
কতো বাবার কাধে ছেলের লাশ উঠবে?
আর কতো নির্মমতা দেখতে হবে?
২৪ এ কি শুধুই আর্তনাদ আর হাহাকার শুনতে হবে?
না আমরা এমন মানুষ পরিচয়ে পরিচিত হতে চাইনা
আমরা মনুষ্যত্ব চাই, আমরা শান্তি চাই ,শান্তি চাই।
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে কাদের বসবাস?
বাবা মায়ের রক্ত ঘামে কারা পড়াশোনা করছে ?
কিসের আশায় তারা মেধাবীর আসনে?
এরাই কি জাতির সূর্য সন্তান? এরাই কি আলোর দিশারী?
যারা সামান্যতম আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনা
যারা পশুর মতো মানুষের গায়ে আঘাত করে
তাদেরকে বিবেকহীন অমানুষ বলতে দ্বিধা নাই
ধিক্কার জানাই তাদের বিবেকবোধকে।
অপরাধীর শাস্তি কখনো গায়ের জোরে
আবেগের বশে পিটিয়ে হত্যা হতে পারে না।
অনেক হয়েছে এবার থামাও এসব
নিজেদের বিবেক জাগ্রত করো
মানবিকতার বিশুদ্ধতায় বিশুদ্ধ হও।
ন্যায়ের ঝান্ডা ধরো, মুক্তির বার্তা পাঠাও
আঁধারে আর নয় এবার আলোয় আসো
আলোক শিখা ছড়াও চারিপাশে
সোনালী সূর্য উদয়ের মতো তোমরাও উদিত হও
উজ্জীবিত করো সবার তনুমন
নির্মমতা নয় মনুষ্যত্বই হোক ব্রত।






