আজিজুন নাহার আঁখি

সকাল বেলায় যখন রবির কিরণ করে ঝলমল
চলো না শিশির ভেজা নরম ঘাসে হাঁটি
আলসেমী করোনা, শিশিরের স্নিগ্ধ পরশ পাই দুজন।
ভর দুপুরের কাঠফাটা রোদ্দুরে যখন ক্লান্ত তুমি
চলো না সাইকেলে চড়ে ঘুরে বেড়াই
রাগ করোনা, সবুজ প্রান্তরে বেড়াই তখন।
অবিরাম অঝোর ধারায় যখন বৃষ্টি পড়ছে
চলো না ছাদ বাগানে বৃষ্টিস্নান করি
বিরক্ত হইও না, বৃষ্টির ছোঁয়ায় ভেজাই দুই নয়ন।
অফিস শেষে বিকেল বেলায় যখন ফিরবে তুমি
চলো না দক্ষিনা হাওয়ায় টমটম গাড়ীতে বেড়াই
ক্লান্তি দেখিও না , দক্ষিনা হাওয়ায় শিহরিত হই তখন।
ভরা নদীতে মাঝি যখন নৌকা চালায়
চলো না ছইয়ের উপর বসে গল্প করি
ব্যস্ততা দেখিও না, নদীর শীতল হাওয়ার পরশ পাই তখন।
গোধূলী বেলায় সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ে
চলো না সাগরের বুকে সূর্যাস্ত দেখি
নিরাশ করো না,সূর্যাস্তের মনোরম দৃশ্য করি অবলোকন।
পূর্ণিমাতে চাঁদ যখন নীল জোছনা ছড়ায়
চলো না উঠোনে জ্যোৎসা স্নান করি
ঘুমিয়ে যেও না, পূর্ণিমার জ্যোৎস্নাভায় রাখি নয়নে নয়ন।
অমাবস্যায় সবদিক যখন আঁধার কালো
চলো না মাঝরাতে সারিসারি গাছের নিচে হাঁটি
ভয় দেখিও না, আঁধারে জড়িয়ে থাকবো দুজন।

Leave a Comment