আজিজুন নাহার আঁখি

কাজল কালো আঁখিতে আমায় দেখতে চাওনি
তাইতো সে আঁখি যুগলে পরিনি কাজল,
আধুনিক পোশাকে কখনো সাজাওনি আমায়
তাইতো তোমার পছন্দে উড়িয়েছি শাড়ির আঁচল।
কপালে টিপ পরা তোমার একেবারেই পছন্দ নয়
তাই আমি ভুলেও কখনো টিপ পরিনি,
পায়ে নূপুর পরাকে কারাবন্দীদের বেরি বলতে
তাইতো পায়ে নূপুর পরে হইনি তোমার চোখে বন্দীনি।
হাতে চুড়ি পরলে বলতে কি দরকার হাত বাঁধার
তাইতো তোমার ইচ্ছার বাইরে কখনো চুড়ি পরিনি,
খোলা চুলেই নাকি আমায় দেখতে ভালো লাগে
তাইতো দীঘল কালো চুলে কখনো বিনুনি গাঁথিনি।
কোনো কৃত্তিমতা তোমার কখনো ভালো লাগেনি
তাইতো সাদাসিধে থেকেছি সবসময়,
তোমার সব চাওয়াতে সুখ খুঁজে
জীবনকে ভরিয়ে তুলেছিলাম ভালোবাসাময়।
আর সেই তুমি আজ কোথায় গেলে?
ফেরার অপেক্ষায় থাকি দিবানিশী,
তুমি কি কখনো ফিরবে আমার কাছে
বলবে আমায় ভালোবাসি ভালোবাসি——

Leave a Comment