আজিজুন নাহার আঁখি

আমার হৃদয়ের ফুল বাগানে
ছিলো তোমার বাস,
সে বাগানে তোমার আমার
কাটতো বারো মাস।
বাগান ছিলো আমার সখা
তুমি ছিলে মালী,
যত্ন করতে বাগানখানি
দিয়ে মনপ্রাণ ঢালি।
সে বাগানে দুজন মিলে
করেছি ফুলের চাষ,
খুব যতনে রেখেছি বাগান
কভু হয়নি সর্বনাশ।
সে বাগানে ফুলের গাছে
ফুটতো নানান ফুল,
পরম যত্নে করতে আদর
কভুও করোনি ভুল।
হটাৎ তুমি কিসের লাগি
গেলে দূরে চলে,
সাধের বাগান ছেড়ে সখা
কার সে মালী হলে?
আগে যদি জানতাম আমি
যাবে বাগান ফেলে,
কোনো ছলে উড়তাম না
খুশির ডানা মেলে।
বাগান এখন শূন্য পড়ে
দেখার কেহ নাই,
গাছগুলো সব যাচ্ছে মরে
কোথায় আমি যাই?
হাতের পরশ বুলাই যখন
ওদের সারা গায়,
অনুভবে বুঝি কাঁদে ওরা
যেনো দারুণ অসহায়।
ফুলের তো নেই অপরাধ
তবুও পাচ্ছে ব্যাথা,
আমিই ওদের রাখবো ভালো
দিলাম এই কথা।
যখন তুমি গিয়েছো চলে
অন্যেরই বাগানে,
সুখে থেকো ভাল থেকো
সখা আমার বিহনে।

Leave a Comment