সোহাগের চন্দন নাই বা ছোঁয়ালে মোর কপালে
রঙধনুর সবটুকু রঙে দিও মোরে রাঙিয়ে।
ভালোবাসার আলিঙ্গনে নাই বা বাঁধলে তুমি
পূর্ণিমার জোছনায় রেখো আবিষ্ট করে ।
আমার নয়নে নাই বা হারালে তুমি
শুধু অঝোর ধারায় অশ্রু হয়ে বইয়ে যেও নিরবধি।
তোমার নিঃশ্বাসের উষ্ণতায় নাই দিলে উষ্ণতা
জানালার ফাঁকে এক চিলতে রোদ্দুরের উষ্ণতাটুকু দিও।
তোমার গায়ের গন্ধে নাই বা করলে আকুল
কালনিশীথে হাস্নাহেনার সুগন্ধে রেখো ভরিয়ে ।
ভালোবাসার চাদরে নাই বা জড়ালে আমায়
কুয়াশার চাদরে নিবিড় ভাবে রেখো জড়িয়ে ।
সাগরের বিশালতায় নাই বা দিলে ভরসা
একবিন্দু জলকণার মতো রেখো অবহেলায় মোরে।
আকাশের মতো নির্ভরতা নাই বা দিলে
শীতলতাটুকু দিও কৃষ্ণচূড়ার ছায়ায়।
প্রেমের জোয়ারে নাই বা ভাসালে আমায়
নদীর জোয়ারে ভাসিয়ে নিও বহুদূরে।
প্রেমের অমৃত সূধা নাই বা পান করালে
সুধাভরে বৃষ্টির জলে তৃষ্ণাটুকু দিও মিটিয়ে।






