আজিজুন নাহার আঁখি

শরতের ভোরে শিশির ভেজা শিউলি ফুল এনে
আমার হাতে দিয়ে বলেছিলে,
একটা মালা গেঁথে দিতে
আমার খোঁপায় পরাবে বলে
আমি সযতনে মালা গেঁথে ,খোঁপা বেঁধে
তোমার জন্য অপেক্ষায় ছিলাম
কিন্তু সকাল,দুপুর,বিকাল,সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলো
ফুলগুলো সব ঝরে গেলো ।
তবুও তুমি ফিরলে না
কতো শরত এলো আর গেলো
তুমি তো এলে না?
তাহলে আমাদের ভালোবাসাও কি শিউলি ফুলের মতো ঝরে গেলো?
কেনো তুমি এলে না ? তুমি কি সত্যিই আমায় ভুলে গিয়েছো?

একটা সাদা রুমাল আর রঙিন সুতো আর সূঁই এনে
আমার হাতে দিয়ে বলেছিলে ,
রুমালে আলপনা এঁকে সেলাই করতে
বুক পকেটে রাখবে বলে
আমি ভালোবেসে যতনে একটু একটু করে
সুঁই সুতোয় আলপনা এঁকেছি,
আর রুমালের মাঝে সুঁই সুতোয় লিখেছি ‘ভালোবাসি তোমায় ‘
কিন্তু কতোদিন হয়ে গেলো ,
তুমি তো এলে না?
রুমালটা অনেক যতনে রেখেছি ।
কিন্তু রঙিন সুতোর কাজগুলো ফিকে হয়ে গিয়েছে
আচ্ছা আমাদের ভালোবাসাও কি এমন ফিকে হয়ে গিয়েছে?
কেনো তুমি এলে না ? তুমি কি সত্যিই আমায় ভুলে গিয়েছো?

গোধূলি লগ্নে কিছু নারকেল পাতা আর খেজুর পাতা এনে
আমার হাতে দিয়ে বলেছিলে,
একটি বসার পাটি বুনাতে
চাঁদনী রাতে উঠোনে বসে গল্প করবে বলে
আমি রাত্রি জেগে সুন্দর একটি পাটি বুনেছিলাম।
তুমি তো এলে না?
কতো চাঁদনী রাত এলো আর গেলো
শুধু তুমিই এলে না
পাটিটা অনেক যতনে রেখেছি ।
তবুও বাঁধন গুলো আলগা হয়ে গেলো
আমাদের ভালোবাসার বাঁধনও কি আলগা হয়েছে?
কেনো তুমি এলে না ? তুমি কি সত্যিই আমায় ভুলে গিয়েছো?

একটা ক্যানভাস আর রংতুলি এনে
আমার হাতে দিয়ে বলেছিলে,
আমাদের দুজনের ছবি আঁকতে
বসার ঘরের দেয়ালে টানিয়ে রাখবে বলে
আমি অনেক যতনে ক্যানভাসে আমাদের অবয়ব এঁকেছিলাম
ছবিটা বসার ঘরের দেয়ালে টানিয়ে রেখেছি।
তুমি তো দেখলে না?
জানো ছবিটায় ধূলো পরে বিবর্ণ হয়ে গিয়েছে
আমাদের ভালোবাসায়ও কি এমন ধূলো পরে বিবর্ণ হয়েছে?
কেনো তুমি এলে না? তুমি কি সত্যিই আমায় ভুলে গিয়েছো?

টুকটুকে লাল রঙের শাড়ি, রেশমি চুড়ি, লাল ফিতে এনে
আমার হাতে দিয়ে বলেছিলে,
লাল রঙে রাঙা বউয়ের মতো সাজতে
বিকেলে নদীর ধারে শুভ্র কাশফুলের মেলা দেখাতে নিয়ে যাবে
আমি তো তোমার কথা মতো সেজেছিলাম
তুমিতো এলে না?
এখনো নদীর ধারে শুভ্র কাশফুলের মেলা দেখা যায়
শুধু তোমার দেয়া লাল শাড়ি,চুড়ি ফিতে সব ধূসর হয়ে গিয়েছে।
আচ্ছা আমাদের ভালোবাসার রঙও কি ধূসর হয়েছে?
কেনো তুমি এলে না ? তুমি কি সত্যিই আমায় ভুলে গিয়েছো ?

Leave a Comment