আজিজুন নাহার আঁখি

কতোদিন দেখিনি তোমায় নয়ন ভরে
রাখিনি নয়ন তোমার নয়নে,
উদাস হইনি তোমার চাহনিতে
দেখিনি স্বপ্ন নিশীথে শয়নে।

কতোদিন দেখিনি তোমার মুখের হাসি
পুলকিত হইনি তোমার হাসিতে,
ফুলেরাও হাসেনি তোমার সাথে
চাঁদও সে হাসিতে পারেনি লুটিতে।

কতোদিন হারিয়ে যায়নি তোমার কথনে
যে কথায় ঝরতো শুধু ফুল,
সবার সাথে ভাব জমাতে
তুমি কখনো করোনি ভুল।

কতোদিন রাখিনি হাত তোমার হাতে
তোমার ছোঁয়ায় হইনি আকুল,
আলিঙ্গনে তুমি বাঁধোনি মোরে
আমার জন্য হওনি ব্যাকুল।

কতোদিন হাঁটিনি পথ তোমার সাথে
যে পথচলায় পেতাম খুঁজে ছন্দ,
লোকের ভীড়ে যাইনি হারিয়ে
শুনিনি কোনো ভালো মন্দ।

কতোদিন রাখিনি মাথা তোমার বুকে
শুনিনি হৃদ স্পন্দনের কোনো শব্দ,
তোমার নিঃশ্বাসের উষ্ণতায়
হইনি আমি স্তব্ধ।

Leave a Comment