আজিজুন নাহার আঁখি

যদি কখনও দাঁড়িয়ে থাকি
ব্যস্ত শহরের গলির মুখে,
তুমি কি আমায় দেখবে ফিরে
ভালোবাসার পরম সুখে?

যদি কখনও ঘুরতে চাই
বন্ধু তোমার হাতটি ধরে,
এড়িয়ে কি যাবে বন্ধু তুমি
বলবে এখন বৃষ্টি পড়ে?

না হয় কভু হাঁটতে চাইলে
গাছের ছায়ে গভীর বনে,
কোনো বাহানায় না ছুঁয়ে গো
রবে বুঝি কি তুমি আনমনে?

তোমার নয়নে রাখলে নয়ন
আমায় তখন করবে নিরাশ,
না কি তোমার কঠিন কথনে
ভাঙবে তুমি আমার বিশ্বাস।

কাটতে চাই সাঁতার আমি
তোমার সাথে অথৈ জলে,
তখনো কি তুমি এড়িয়ে যাবে
অজুহাতের নানান ছলে।

কভু যদি আমি নিশীরাত জাগি
বন্ধু তোমায় পাওয়ার আশে,
ঘুমিয়ে কি থাকবে তখনও
সত্যই তুমি রবে না পাশে?

তোমার আসার প্রহর গুনবো
মৃত্যু পথের যাত্রী হয়ে,
তবুও জানি আসবে না তুমি
হৃদয়ের ব্যথা যাবে রয়ে।

আমার যেদিন হবে গো মরন
সেদিন ঠিকই আসবে ভুলে,
কাঁদবে জানি সেদিন তুমি
আমার সমাধি ভরিয়ে ফুলে।

Leave a Comment