তুই যদি মোর বন্ধু হইতি
তোর সাথে মাখতাম গায়ে ফুলের রেণু,
তোর সুরে সুর মিলাইতাম
তুই বাজাইতি যখন তোর বেণু।
তুই যদি মোর বন্ধু হইতি
ঘুরতাম দুইজন ছায়াঘেরা গাঁয়ে,
দোলনায় বসে দোল খাইতাম
ঐ বটবৃক্ষের ছায়ে।
তুই যদি মোর বন্ধু হইতি
অথৈ জলে ভাসতাম তোর নায়ে,
তোর দেয়া রূপার নূপুর
পরতাম আলতা রাঙা পায়ে।
তুই যদি মোর বন্ধু হইতি
তোর সাথে কাটতাম সাঁতার বিলে,
ফুল তুলতে যাইতাম দুইজন
পদ্ম ফোটা ঐ ঝিলে।
তুই যদি মোর বন্ধু হইতি
শিশিরে হাঁটতাম সকাল হলে,
সাঁঝের বেলা কইতাম কথা
জোনাক যখন মিটিমিটি জ্বলে।
তুই যদি মোর বন্ধু হইতি
সোহাগ ভরে খাওয়াইতাম তোরে পান,
দখিণা হাওয়ায় দাওয়ায় বসে
শুনাইতাম তোরে ভাটিয়ালি গান।
তুই যদি মোর বন্ধু হইতি
বৃষ্টিতে করতাম ছুটোছুটি,
রঙিন প্রজাপতি ধরতে গিয়ে
হাসিতে যেতাম লুটোপুটি।
তুই যদি মোর বন্ধু হইতি
সারা নিশী জাগতাম পূর্ণিমায়,
ফুল বাগানে আমরা দুজন
স্নান করতাম ভরা জোছনায়।
তুই যদি মোর বন্ধু হইতি
তোর নয়নে রাখতাম নয়ন,
ভালোবেসে তোকে নিয়ে
করতাম কতো শব্দচয়ন।
তুই যদি মোর বন্ধু হইতি
তোর সুখেতে হইতাম সুখী,
তোর মনেতে লাগলে ব্যাথা
হইতাম আমি চির দুখী।






