আজিজুন নাহার আঁখি

মেঘের গর্জনে ভয়াল কম্পনে
ঘরের দরজা বন্ধ,
কি করে বুঝাই মাকে যে শুধাই
আঁখি দুটি করো বন্ধ।

মায়ের শাসন মানি না তখন
যতো হোক রাগারাগি,
বাদলের ছন্দে নাচি যে আনন্দে
মনে শিহরণ জাগি।

বর্ষার কদম নিলাম প্রথম
ঘ্রাণে হই মাতোয়ারা,
সুন্দর শোভিত সুঘ্রাণে মোহিত
মনটা পাগলপারা।

সাঁঝের বেলায় প্রদীপ জ্বালায়
মা বলে ঘরেতে আয়,
ঠাণ্ডা যে লাগবে কে রাত জাগবে
ভুগবি তখন হায়।

বাড়ির উঠোনে ভাই আর বোনে
কাদা জলে মাখামাখি,
বাবার হুঙ্কারে প্রাণটা যে ডরে
দৌড়ে ঘরেতে পা রাখি।

Leave a Comment