ভোরের স্নিগ্ধতায় মোড়ানো প্রকৃতিতে
দখিনা মাতাল হাওয়া বইছে অবিরত
কোকিলের মিষ্টি মধুর সুরের মাধুরীতে
বিরহী মনের ঘুচে যাক সব ক্ষত।
গোলাপের আধফোঁটা কলিতে
বিন্দু বিন্দু শিশিরের আলিঙ্গন
ফুলে ফুলে জড়ানো অলিতে
লেগেছে আবেগী মধুময় শিহরণ।
সুনসান নীরবতা কমেছে এখন
মানুষের আনাগোনা হয়েছে শুরু
মিষ্টি আবেশে জড়ালো সমীরণ
মনটা তবু করছে দুরুদুরু।
এমন ক্ষণে পরছে মনে বারেবারে
তাকে নিয়ে হাজারো কথা
দখিনা হাওয়া বলো গিয়ে তারে
তার জন্যে বাড়ছে ব্যাকুলতা।
মেঘ রোদ্দুরের অপরূপ খেলা
আবেশ ছড়ালো ভুবনে
মধুর এই গোধূলি বেলা
ইচ্ছে করে হারাই দুজনে।






