মেঘের আড়ালে সূর্যটা হারালে
হবে কি আজ বর্ষণ?
চারিদিক স্তব্ধ মেঘে মেঘে শব্দ
প্রকৃতির কি ক্রন্দন!
আষাঢ় গগনে দাপট পবনে
মেঘের ডমরু বাজে,
উঠোনে দাঁড়িয়ে হাতটি বাড়িয়ে
বৃষ্টি ছুঁই আমি লাজে।
রিমিঝিম বৃষ্টি বিধাতার সৃষ্টি
ছন্দে ছন্দে ঝরে পরে,
গাছের শাখায় লতায় পাতায়
প্রশান্তিতে যায় ভরে।
কদমের ঘ্রাণে দোলা দেয় প্রাণে
চারিদিক যে শোভিত,
ছোটো বড়ো মিলে ঘ্রাণটুকু পেলে
হয় যে সকলে মোহিত।
হিজলের তলে পুকুরের জলে
পানকৌড়ি খেলা করে,
মধুর বর্ষণে মাছের হর্ষণে
প্রাণটা যায় যে ভরে।






