বাতাসে শুধু লাশের গন্ধ
হায়েনাদের দাপটে কম্পিত রাজপথ
বুলেটের আঘাতে খণ্ডিত দেহ
গুলিতে ঝাজড়া জনতার বুক।
বাঙ্গালির রক্তে লেগেছে আগুন
রাজপথে ন্যায্য দাবীর মিছিলে
প্রতিবাদী এক নির্ভীক সাহসী যোদ্ধা
সাহসী দাপটে উন্নত শীরে
বন্দুকের সামনে দাঁড়ায় চিবুক উঁচিয়ে।
নির্লজ্জ মূর্খ পুলিশের গুলিতে
বিদ্ধ হলো বুকের পাজর
তবুও পিছু হটেনি অকুতোভয় বীর
একটা নয় দুইটা নয় চারটা বুলেটে
ক্ষতবিক্ষত বুকে অদম্য সাহসে
শহীদের কাতারে নিলো ঠাই।
সেবার ব্রত নিয়ে হয় আগুয়ান
মিছিলের সারিতে সারিতে
হাতে নিয়ে পানির বোতল
ঘর্মাক্ত দেহে চলে অবিরত।
নিরস্ত্র হাতে মুখে বুলি ফোটে
এই কারো পানি লাগবে পানি? পানি পানি—
যুদ্ধ করতে নয় নাশকতা করতে নয়
প্রতিবাদী সাহসী বীরদের তৃষ্ণা মেটাতে।
পরিশ্রান্ত দেহে বসে রাজপথে
গুলিতে মাথা হলো চৌচির
বন্ধুবর পেছন ফিরে তাকিয়ে দেখে
হটাৎ করে লুটিয়েছে মাটিতে
রক্তে রঞ্জিত মস্তকে নিষ্পলক চোখে
বাঁচার আকুতিভরা টলটলে অবয়ব
নিমিষেই নাড়ির স্পন্দন যায় থেমে।
আরও কতো শতো প্রাণের স্পন্দন
নিমিষেই হয়ে গেছে বন্ধ
দেখেও দেখছি না শুনেও শুনছি না
বলতে গেলে করছে কণ্ঠরোধ
বিবেকের তাড়নায় ছটফটিয়ে উঠে মন
আল্লাহর কাছে জানাই ফরিয়াদ।






