মা গো তোমার তৃষ্ণা মিটবে কবে?
আর কতো কতো তাজা রক্ত চাই?
তোমার মুখের ভাষার জন্য রফিক,শফিক,সালাম,বরকত
জব্বারের মতো আরও সন্তানের রক্তে ভিজেছিলে।
মা গো তোমার সন্তানের রক্তের বিনিময়েই তো
বাংলা ভাষা ফিরে পেয়েছিলে
তবুও তৃষ্ণা মেটেনি তোমার।
মনে পড়ে? ৭১ এ লাখো শহীদের রক্তে রঞ্জিত হয়েছিলো
তোমার পথ ঘাট সবুজ প্রান্তর
পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছিলে
লাখো শহীদের রক্তে ভিজেও তোমার তৃষ্ণা মেটেনি।
৯০ এর গন আন্দোলনে নূর হোসেনের
রক্ত ভিজিয়েছিলো তোমার রাজপথ
স্বৈরাচারের পতনে গণতন্ত্র পেয়েছিলে
তবুও তোমার তৃষ্ণা মেটেনি।
তোমার মাটি যেনো অপেক্ষায় থাকে
তোমার সন্তানের তাজা রক্ত বুকে জড়াতে
তাইতো ২৪ এর জুলাইয়ে তোমার বুকের
উপর চলছে রক্তের হোলিখেলা
এবার তৃষ্ণা মিটেছে তো তোমার?
মা গো সাইদের মতো বীরের রক্তের দাগ
কি সহজেই মুছে যাবে?
তোমার জমিনে তোমার সন্তান বীরদর্পে
বন্দুকের নলের সামনে বুক উঁচিয়ে
রক্তের স্রোতে ভাসিয়েছে তোমায়।
তোমার আরেক সন্তান মুগ্ধের রক্তের স্বাদ পেয়েছ?
এই পানি লাগবে কারোর ? পানি পানি—-
তৃষ্ণার্ত সবাইকে পানি দিয়ে
পরিশ্রান্ত দেহে তোমার মুগ্ধের মুগ্ধতাও
হায়েনাদের ছোবল থেকে বাঁচাতে পারেনি নিজেকে
তোমারই রাজপথ ভিজেছে টকটকে লাল রক্তে।
মা মা গো জানা অজানা শত শত সন্তানের
রক্তে ভিজেছে তোমার রাজপথের অলি-গলি থেকে সারা প্রান্তর।
এবার তো তোমার তৃষ্ণা মেটার কথা,
মা গো আর রক্ত কতো রক্ত লাগবে?
এবার রক্তের বন্যায় সব অন্যায় ধুয়েমুছে যাক
তোমার সন্তানরা ন্যায্যতা ফিরে পাক
আর লাল রক্ত নয় সবুজে ছেয়ে যাক।






