আজিজুন নাহার আঁখি

তোমরা শুধু মোবাইল আর ল্যাপটপে দিয়েছিলে ডুব
সারারাত জেগে দিনের বেলায় থেকেছিলে শুধু চুপ
পড়ার টেবিলে বই খাতা রেখে বিছানায় গিয়েছো ছুটে
গরম খাবার এড়িয়ে বাসিপচা খেয়েছো চেটেপুটে।

আত্নীয় স্বজন দেখলে ভালো লাগতো না কিছু
সদুপদেশ দিতে গেলে ভাবতে নিচ্ছে তোমার পিছু
তোমাদের নিয়ে বাবা মায়ের টেনশনে মাথায় হাত
মনে মনে ভাবতো এবার যাবেই বুঝি কূলজাত।

হটাৎ করেই বদলে গেলো তোমাদের সব অভ্যাস
বজ্রকণ্ঠে আওয়াজ তুলে কম্পিত করলে চারিপাশ
ইন্টারনেট ছাড়া চলতো না যাদের পড়াশোনা বা কাজ
রাজপথে তারাই মিছিলে কাটায় সকাল বিকাল সাঁঝ।

কোথায় গেলো টিকটক কোথায় গেলো অনলাইন গেম
সবই দেখি ভুলে গিয়েছে বুক ভরা শুধু দেশপ্রেম
অধিকার আদায়ে বুক উঁচিয়ে দাঁড়ালে রাজ পথে
রক্ত দিয়ে প্রমাণ দিলে পিছু হটোনি জীবন রথে।

তোমাদের অসীম সাহস দেখে অবাক হয়েছি সবে
ইতিহাসের পাতায় তোমরা চির অম্লান রবে
স্যালুট জানাই তোমাদের আত্মত্যাগের প্রতি
সুন্দর বাংলাদেশ গড়তে সবে ছড়াও আলোক দ্যুতি।

Leave a Comment