আজিজুন নাহার আঁখি

খাদ্যের দুর্ভিক্ষের কথা শুনেছি
দেখেছি তার ভয়াবহ স্থিরচিত্র
ভয়াবহতা বোঝার চেষ্টা করেছি
কিন্তু নাহ আমরা পারিনি আমরা বুঝিনি দুর্ভিক্ষ।
খাদ্যের পরেই এলো রুচির দুর্ভিক্ষ
চলনে বলনে রুচিহীনতা হলো দৃশ্যমান
আধুনিক সমাজে সুধী জনে জনে
রুচির দুর্ভিক্ষ হলো ব্যক্তিত্বে অবগাহন।
এখন চারিদিকে শুধু বিবেকের অবক্ষয়
মানুষ বিবেক বর্জিত রোবটে পরিণত
শুনেও শুনছে না দেখেও দেখছে না
বলতে গিয়ে করছে কণ্ঠরোধ,
পথের কাঁটা মারিয়ে চলছে অবিরত
হচ্ছে অনুভূতিহীন রক্তক্ষরণ।
সকল স্নায়ুর হয়েছে জীবনাবসান
বিবেকের দুর্ভিক্ষে সবে নিমজ্জিত
বিবেকহীনতার করাল গ্রাসে
হিতাহিতজ্ঞান পেয়েছে লোপ।
এই দুর্ভিক্ষেই বুঝি হবে চিরপ্রস্থান
হৃদয়ে রেখে সংশয় আর ক্ষোভ।

Leave a Comment