ক্লান্ত পরিশ্রান্ত তনুমনে একটু প্রশান্তির খোঁজে
সবুজাভ বড়ো বৃক্ষের কাছে বললাম
হে বৃক্ষ আমার সব ক্লান্তি নিয়ে তোমার প্রশান্তিটুকু দাও
বৃক্ষ বললো সব ক্লান্তি তো আমি নিতে পারব না
সব ক্লান্তি নিলে আমি সবাইকে প্রশান্তি দিব কিভাবে?
তাই তোমার ক্লান্তি তোমার কাছেই রাখো।
বৃক্ষের কাছ থেকে অবসন্ন মনে
নিজের সব অবসাদকে মুঠোয় ভরে
নদীর কাছে বললাম এই যে বহতা নদী
আমার সব অবসাদ নিয়ে তোমার ছুটে চলার আনন্দটুকু দাও
নদী বললো না না আমি এতো অবসাদ নিতে পারবো না
এমনিতেই আমার জলে কতো দু:খ বয়ে চলে
সেখানে তোমার সব অবসাদ নিলে আমি গতি হারিয়ে ফেলবো
বরং তোমার অবসাদ তোমার কাছেই রাখো।
বৃক্ষ আর নদীর কাছে থেকে ফিরে
মুঠোভরে তাচ্ছিল্য নিয়ে পাহাড়ের কাছে গিয়ে বললাম
এই যে পাহাড় আমার তাচ্ছিল্য নিয়ে তোমার অগাধ নির্ভরতা দাও
পাহাড় আমার কথা শুনিয়ে মুখ ফিরিয়ে নিলো
আমি অনুনয় করে আবারও বললাম
প্লিজ তাচ্ছিল্যটুকু নাও না
পাহাড় তখন বললো যাও তো এখান থেকে
এমনিতেই আমার উপর অত্যাচার চলছে
তার উপর তুমি এসেছো তাচ্ছিল্যের ডালা নিয়ে
তোমার তাচ্ছিল্য তোমার কাছেই রাখো।
বৃক্ষ,নদী,পাহাড়ের কাছে থেকে
বুক ভরা কষ্ট নিয়ে সমুদ্রকে দুহাত ভরে বেদনা সাধলাম
বললাম তোমার এই বিশাল জলরাশির সাথে
আমার জমানো সব বেদনা নিয়ে আমায় হালকা করো
সাগর মুচকি হেসে বললো আরে কি বলছো এসব
আমার নীলজলের সাথে বেদনার নীল মেশাতে পারবো না
সবাই আমার কাছে আসে বেদনা ভুলতে
আর আমি কি না তোমার বেদনায় নিজেকে মেশাবো?
তোমার বেদনা তোমার কাছেই রাখো।
বৃক্ষ,নদী,পাহাড়,সমুদ্রের কাছ থেকে
দু:খ ভারাক্রান্ত মনে অশ্রুসিক্ত নয়নে
মেঘের কাছে বিনয়ের সাথে বললাম
ও মেঘ তোমার বৃষ্টির জলে আমার সব অশ্রু নিয়ে নাও
আর তোমার মেঘের আড়ালে আমার অশ্রু ঢাকো
আমি যে আর নয়নের বারিধারা বইতে পারছিনা
মেঘ খিলখিলিয়ে হেসে বললো
ইস আমার কি জলের অভাব হয়েছে?
তোমার নয়নের জল দিয়ে আমি কি করবো?
এখন আমি নিজেই বৃষ্টি হয়ে ঝরতে পারিনা
তার উপর তোমার কাছ থেকে আরও জল নিবো?
তোমার অশ্রুজল তোমার কাছেই রাখো।
বৃক্ষ,নদী পাহাড়,সমুদ্র,মেঘের কাছ থেকে
হতাশাগ্রস্ত হৃদয়ে ছুটে এলাম আকাশের কাছে
আকাশ পানে দুহাত তুলে বললাম
ও আকাশ তোমার বিশালতায় সব অবহেলা জমা রাখো
আমি সবার কাছ থেকে যে অবহেলা পেয়েছি
সেই অবহেলা আমাকে সীমাহীন কষ্ট দিচ্ছে
তুমিই পারো আমার সব অবহেলা জমা রেখে
আমায় অনাবিল আনন্দ দিতে
আকাশ মিটমিট করে হেসে বললো
কি বললে তোমার সব অবহেলা নিতে হবে?
না না আমি অবহেলা, অবহেলা নিতে পারবো না
যেখানে সবাইকে এক চাদরে ঢেকে রাখি
সেখানে অবহেলা নিয়ে নিজেকে কলুষিত কররে পারবো না
তুমি বরং তোমার ক্লান্তি,অবসাদ,তাচ্ছিল্য,বেদনা,
অশ্রুজল,অবহেলা সব সৃষ্টিকর্তার কাছে দাও
তিনিই পারবে তোমার সব কষ্ট দূর করে
তোমার মনের সব যাতনা ঘুচাতে।






