আমার এখানে মেঘের বসবাস তোমার ওখানে রোদ
মেঘেরা সব অশ্রু ঝরায় রোদে বাড়ায় আমোদ,
আমার বুকে নোনা ব্যথা তোমার বুকে সুখ
আমার নয়নে বারি ঝরে তোমার হাসিমুখ।
আমি থাকি অমানিশায় তোমার জোছনায় বাস
দম বন্ধ জীবন আমার তোমার চারিপাশে উল্লাস,
আমার আছে দু:খ নদী তোমার সুখের পাহাড়
দু:খ নদীতে অশ্রু বয় পাহাড়ের বুক ঝর্ণার।
আমার পাশে শুধুই আমি তোমার পাশে সে
নিজের কথা নিজেই শুনি তুমি বলো তাকে,
মনটা আমার বন্দী খাঁচায় তুমি মুক্ত স্বাধীন
ইচ্ছেরা মোর যায় হারিয়ে তুমি নও কারো অধীন।
আমি থাকি স্বপ্নের ঘোরে তুমি বাস্তবতায়
নিছক স্বপ্নের জাল বুনি তুমি থাকো মায়ায়,
স্রোতে ভাসা শেওলা আমি তুমি অথৈ জল
কূল নাই কিনার নাই তোমার আছে পদ্মকমল।
আমার প্রাণে কান্নার রোল তোমার প্রাণে সুর
একলা কাঁদি দিবানিশি তুমি খুশিতে ভরপুর,
আমার আছে স্মৃতির ঝাঁপি তুমি ভুলেছো সব
স্মৃতির ভীড়ে গুমরে কাঁদি তোমার ঘরে কলরব।
চলার পথে একলা আমি তোমার হাতে তার হাত
পথই আমার নিত্য সাথী তার সাথে থাকো দিবারাত,
আমার চোখে শুধুই তুমি তোমাতে সে রয়
বিরহী মন ছটফট করে তোমার জীবন প্রেমময়।






