আজিজুন নাহার আঁখি

তুমি বলেছিলে স্বর্ণলতা হয়ে আমার জড়িয়ে রাখবে
কেউ যেনো আমায় স্পর্শ করতে না পারে,
কোনো আঘাত যেনো আমার গায়ে না লাগে
আগলে রাখবে আমার সব সত্তা
কিন্তু সেই কথা আজ স্মৃতির ঝাঁপিতে,
এখন স্বর্ণলতা তো দূরের কথা
সবুজ পত্র পল্লব হয়েও আমার কাছে রইলে না।

তুমি বলেছিলে আমরা দুজনে পাখি হবো
ইচ্ছে হলেই আকাশ পানে উড়ে বেড়াবো
বলেছিলে মেঘের পালকে মুড়িয়ে দিবে
আমরা পালক নাড়ালেই বৃষ্টি ঝরে পড়বে
আর আমরা সেই বৃষ্টিতে ভিজে
ডানা ঝাপটে নীড়ে ফিরবো,
কিন্তু সে সব কথা আজ অতল গহবরে
পাখিও হতে পারিনি, মেঘের পালকও পাইনি
তাইতো শুষ্ক মরুদ্দানে একাকী প্রহর গুনছি।

তুমি বলেছিলে আমরা সাগরের ঢেউ হবো
দুজনেই আছড়ে পড়বো সৈকতে
আবার মিলিয়ে যাবো নোনা জলে
তুমি আমাতে আর আমি তোমাতে মিশে রবো
কিন্তু সে সব কথা আঁধারে মিলিয়ে গেছে
ঢেউও হতেই পারিনি জলের ছোঁয়াও পাইনি
এখন আমি দূরে বহুদূরে নির্জন দ্বীপে।

তুমি বলেছিলে তোমার পৃথিবীতে শুধু আমি
একদিকে সারা পৃথিবী আরেকদিকে আমি
তোমার হৃদয়ে শুধুই আমার বসবাস
বৃদ্ধ বয়সে আমাকে আগলে রাখবে
আমার পথচলাতে তুমি আমার বাহন হবে
আর সেই তুমি হটাৎ করেই না ফেরার দেশে
এখন নিশ্চিন্তে মাটির ঐ আঁধার ঘরে চিরনিদ্রায়
আর আমি, শুধু একা শুধুই একা।

Leave a Comment