আজিজুন নাহার আঁখি

সপ্তসুরের মূর্ছনা

আমার সাধের তানপুরাটায় সুর উঠে না আর
তারে তারে কভু ঝংকার তুলে না
কোথাও সুর নাই ছন্দ নাই
নাই সপ্ত সুরের মূর্ছনা
তবুও কেন বারেবারে মনে হয়
সংগোপনে সপ্তসুর যেনো ডাকছে আমায়।

তাল লয় হারিয়ে গেছে অতল গহবরে
তবু্ও কেনো সপ্তসুরের মূর্ছনা কানে বাজে?
বিভীষিকাময় জীবন নিরাশায় ডুবেছে
চারিদিকে এক থমথমে আবহ বিরাজমান
মনে হচ্ছে এই বুঝি সব শেষ হবে
কিন্তু তারপরও ছন্দ হীন জীবনে অবিরাম চলা।

বেহাগের করুণ সুরে আষ্ঠেপৃষ্ঠে বাঁধা পরেছি
এখানেই হৃদয়ের সব যাতনা ভুলে
খুঁজে ফিরি সেই ছন্দময় জীবনের হারানো স্মৃতি,
জানি কখনো আর তাল লয়ের সাথে
তানপুরা ঝংকার তুলতে পারবে না
তবুও এ পোড়া মন সেই হারানো
সুরের মূর্ছনায় নিজেকে বিলীন করতে চায়।

যেখানে তানপুরাটাই অবহেলায় অযত্নে
নিজের সরুপ পালটে ফেলেছে
সেখানে সপ্তসুর কিভাবে ঝংকৃত হবে?
মাঝে মাঝে বেহিসেবী এই মন স্বপ্ন দেখে
সুরের মূর্ছনায় নিজেকে বিলীন করে দিয়েছি
কিন্তু জাগরণে শুধুই শূন্যতা আর শূন্যতা
কোথাও সুরের অস্তিত্ব নেই
আছে শুধু বুক ভরা হাহাকার আর দীর্ঘশ্বাস।

Leave a Comment