আজিজুন নাহার আঁখি

আমি তারুণ্য নিয়েছি সবুজ অরণ্য থেকে
অরণ্যের সজীবতায় নিজে চির তরুণ থাকব বলে
কিন্তু তারুণ্য হারিয়ে সব যেনো তামাটে হয়ে গেছে
আমি এখন ক্লান্ত পরিশ্রান্ত বিবর্ণ মুখচ্ছবি।

আমি শুভ্রতা নিয়েছি মেঘমালা থেকে
মেঘের মতো তাবদাহকে আড়াল করে
নিজেকে শান্ত শীতল রাখতে
কিন্তু শুভ্রতা আজ ধরাছোঁয়ার বাইরে
এখন গ্রীষ্মের খরতাপের মতো মরুভূমি

আমি উদারতা নিয়েছি আকাশ থেকে
আকাশের ছায়ার মতো আগলে রাখতে
কিন্তু উদারতা আজ আলোক বর্ষ দূরে
দায়িত্ব কর্তব্যের বেড়াজালে আজ সংকীর্ণতায়।

আমি সারল্য নিয়েছি বহমান নদীর থেকে
নদীর গতিশীলতার মতো নিজেকে গতিশীল রাখতে
কিন্তু গতিশীলতায় শুধু ভাটা পড়েছে
আমি থমকে গেছি শুকনো বৃক্ষের মতো।

আমি চাঞ্চল্য নিয়েছি পাহাড়ি ঝর্ণা থেকে
ঝর্ণার সুমধুর ছন্দের মতো ছন্দময় চলতে
কিন্তু সুর ছন্দ কিছুই নাই
সব হারিয়ে আজ আমি নিষ্প্রাণ।

আমি উজ্জ্বলতা নিয়েছি জোছনা থেকে
জোছনার আলোয় সদা উজ্জ্বল থাকতে
কিন্তু জোছনার চিহ্নমাত্র নেই
এখন শুধু ঘোর অমানিশার কালো আঁধারে বন্দী।

আমি বিশালতা নিয়েছি সমুদ্র থেকে
সমুদ্রের বিশাল জলরাশির মতো
নিজের মনকে বিশালতায় মুড়িয়ে দিতে
কিন্তু কোথায় যেনো সব হারিয়ে গেছে
আজ শূন্যতার কড়ালগ্রাসে শুধু একা শুধুই একা।

আমি ভালোবাসা পেয়েছি তোমার থেকে
তোমাতে সঁপে দিয়েছি নিজের আমিত্ব
কিন্তু সেই তুমি আজ যোজন যোজন দূরে
তাইতো ভালোবাসাহীন জীবনে আমি এক লৌহ মানব।

Leave a Comment