আজিজুন নাহার আঁখি

মিষ্টি সমীরণে তার গায়ের গন্ধ আসছে ভেসে
মাতাল হাওয়ায় তনুমন মধুর শিহরণে শিহরিত,
উদাসী মন তার সান্নিধ্য পাবার জন্য ব্যকুল,
বাতাসের কানে কানে বারবার বলছি
ভালোবাসি ভালোবাসি পরাণ প্রিয়।

আর সে হৃদয়ে দোলা দিয়ে কোথায় হারাল
আমি যে আলিঙ্গনে আবদ্ধ হতে চাই
তার হাতের মুঠোয় হাত রাখতে
তার ঐ বুকে মুখ লুকোতে
কান পেতে তার হৃদ স্পন্দন শুনতে
নি:শ্বাসের উষ্ণতায় নিজেকে সপে দিতে
একটু খানি ছোঁয়া পেতে
অধীর আগ্রহে নিশি রাত জেগে
শুধু তাকেই ভাবছি আনমনে।

কেন আজ এমন হলো?
বড় সাধ জাগে নিবিড় বাঁধনে
তাকে শক্ত করে বেঁধে রাখি,
তার মাঝে বিলীন হই সংগোপনে
ভালোবাসায় ভরিয়ে দেই তনুমন।
এ কি ভাবছি আমি?
বেপরোয়া মনে কিসের ঝড় বইছে?
সবই দেখি নিছক কল্পনার জাল বোনা
হৃদয় গহীনে হাজারো প্রশ্ন উঁকি দিচ্ছে।

কি আছে তার ঐ দৃষ্টিতে?
যাকে দেখে মন হয় উতলা
কি আছে তার ঐ হাসিতে
যার মধুর হাসিতে হৃদয় হয় পুলকিত
কি আছে তার কথনে?
যার সাথে আলাপনে একাকীত্ব ঘুচে
কি আছে তার মাঝে?
যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় ।

যোজন যোজন দূরে থেকেও
ডুব দিয়েছি তার হৃদয়ে গহীনে,
তার হৃদয়ের স্পর্শে আমি উজ্জীবিত
তার ভালোবাসায় আমি পরিপূর্ণ।
তবুও বেপরোয়া মন শুধুই ছটফটিয়ে উঠে
কি করে আগলে রাখি নিজেকে?

তাকে এক নজর দেখার জন্য তৃষ্ণায় ধুঁকছে প্রাণ
পাখি হলে ছুটে যেতাম তার পানে,
বৃষ্টি হলে ছুঁয়ে দিতাম সযতনে,
সমীরণ হলে তনুমনে শিহরণ জগাতাম,
চাঁদ হলে জোছনার প্লাবনে ভিজাতাম,
কিন্তু আমি শুধু আমিই হয়ে রইলাম
নিছক স্বপ্নের জাল বুনি অবিরত ।

যাকগে নাইবা পেলাম তার দেখা
নাইবা পেলাম তার নি:শ্বাসের উষ্ণ ছোঁয়া
নাইবা পেলাম নিবিড় সান্নিধ্য
তবুও সে থাক আমার হৃদয় গহীনে ।
সে যে আমার আপনার চেয়ে আপন
তাই তো বারবার বাতাসের কানে বলছি
ভালোবাসি ভালোবাসি পরাণ প্রিয়।

Leave a Comment