আজিজুন নাহার আঁখি

আকাশে লক্ষ কোটি তারা থাকলেও
চাঁদ কিন্তু একটাই
তারাগুলো জ্বলজ্বল করে জ্বললেও
এই ধরণী কিন্তু চাঁদের আলোয় আলোকিত।

পৃথিবীতে হাজারো ফুল ফুটলেও
সব ফুলে সুবাস ছড়ায় না,
কিছু কিছু ফুল শুধু সৌন্দর্য বাড়ায় ঠিকই
কিন্তু তাদের ঘ্রাণে মন আকুল হয় না
অপরদিকে কিছু ফুলের সুবাসে সুবাসিত হয় চারিপাশ
তাদের সুঘ্রাণে হৃদয় মোহিত হয়।

পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল
এই জলরাশিতে হাজারো নদী বহমান
কিন্তু সব নদীতে স্রোত থাকে না।
এই ভূবনে সুউচ্চ পাহাড় পর্বত আছে
সব পাহাড়ের গায়ে নানা রঙের গাছ আছে
ফুলে ফুলে সুশোভিত সবুজে আচ্ছাদিত
কিন্তু সব পাহাড়ের গায়ে ঝর্ণা বহে না।

পৃথিবীতে নানান রঙের পাখিদের কূজন
অহরহ শুনতে পাওয়া যায়,
কিন্তু সব পাখির ডাকে প্রাণ ভরে না।
যেমন কাকের কলরবে কেউ খুশি হয় না
বরং কাকের কা কা ডাক বিরক্তির কারণ,
তেমনি কোকিলের কলরবে মুখরিত হয় চারিপাশ
কোকিলের কুহু কুহু ডাকে প্রাণে পুলক জাগে।

নানান প্রজাতির গাছের সবুজ বেষ্টনী আছে
কিন্তু সব গাছের ছায়াতলে আশ্রয় মেলে না।
গাছে গাছে ফুল ফুটলেও
সব গাছে ফল ধরে না,আবার ফল ধরলেও
সব ফল খাওয়া যায় না,
সব ফলে প্রাণীর তৃষ্ণা মেটে না।

তেমনিভাবে একজন মানুষ অনেকের
সাথে যোগাযোগ করে চললেও
সবাই কাছের মানুষ, প্রাণের মানুষ হয় না।
হাজারো লোকের ভীড়ে একজনকেই বেছে নেয়
সযতনে হৃদয়ে আগলে রাখে।

অনেকের সাথে যোগাযোগ থাকলেও
সবার জন্য হৃদয়ের টান অনুভব হয় না
সবার জন্য হৃদয় গহীনে শিহরণ জাগে না।
সবার মাঝে একজনের জন্য অন্যরকম লাগে
তাকে ঘিরেই স্বপ্ন দেখে,তাকেই পেতে চায় মন।

বিশ্বাস আর ভরসা সবাইকে করা যায় না
চোখ বন্ধ করে একজনকেই বিশ্বাস করা যায়
যে থাকে হৃদয়ে,যে থাকে স্মরণে।
পথ চলতে সবাইকে পাশে রাখা যায় না
সবার সান্নিধ্যে হৃদয় পুলকিত হয় না
সবার স্পর্শ পাওয়ার জন্য মন ব্যকুল হয় না।

হাজারো তারার মেলা থাকলেও
চাঁদের জোছনার প্লাবনে ভিজতে চায় সবাই
তেমনি হাজারো মানুষ পাশে থাকলেও
শুধু ঐ একজনের সান্নিধ্যে ব্যকুল হয়,
যার শূন্যতায় কষ্টের স্তুপ জমা হয়।
ভালো লাগায় ভালো বাসায় বেঁচে থাকুক
কাছের মানুষ,আপন মানুষ,প্রিয় মানুষ।

Leave a Comment