আজিজুন নাহার আঁখি

পুরাতন জীর্ণতা দূর হোক,দূর হোক সব গ্লানি
নতুন আলোয় উদ্ভাসিত হোক সকল প্রাণ,
ব্যথা বেদনা ঘুচে যাক,ঘুচে যাক ক্লান্তি
সুন্দর পরিবেশে বাজুক নবীনের জয়গান।

ভেদাভেদ ভুলে থাকি সবে মিলেমিশে
ধনী গরীব এক কাতারে রই,
হিংসা বিদ্বেষ দূর করি মন থেকে
সাম্যের চাদরে সবে মিলিত হই।

ফেলে আসা ভুল কভু যেন না হয়
নতুন উদ্যোমে হই আগুয়ান,
মিথ্যের জালে ধরা যেন না থাকি
শৃঙ্খলায় সততায় হই মহীয়ান।

অতীতের ভালো দিক রাখি সযতনে
মন্দকে চিরতরে দেই বিসর্জন,
আগামীর পথচলায় সত্যের রথে
নিজের সবটুকু করি সমর্পণ।

হারানোর ব্যথা পুষে রাখা দায়
নিজেকে শুধু পোড়ায় অহর্নিশ,
হাসি মুখে থেকে ব্যথা ঢেকে রেখে
দূর করি অন্তরের যন্ত্রনা বিষ।

বছরের সব যন্ত্রণা দেই জলাঞ্জলি
নতুনকে করি আলিঙ্গন,
ভালোবাসায় ভালোলাগায় ভরিয়ে তুলি
আমাদের হৃদয়ের অঙ্গন।

Leave a Comment