আজিজুন নাহার আঁখি

তোমায় আমি মিষ্টি হাওয়ার
পরশ দিবো স্নিগ্ধ ভোরে
তখন তুমি পা দুখানি
ভিজিয়ো শিশিরে।

পূব আকাশের সূর্যোদয়ের
উজ্জ্বলতা দিবো তোমায়,
উজ্জ্বল রবির কিরণের
উষ্ণতাটুকু দিও আমায়।

শীতলতার ছোঁয়া দিবো
দক্ষিণা সমীরণে,
নদীর ধারে নিয়ে যেও
কাশফুলের বনে।

গোধূলি লগ্নের লাল আভায়
তোমায় দেখবো নয়ন ভরে,
তখন তুমি নিবিড় করে
বেঁধো বাহুডোরে।

সাঁঝের বেলায় হাতটি ধরে
রাখবো নয়নে নয়ন,
কথা হবে নয়নে নয়নে
করবো না কোনো শব্দচয়ন।

পূর্ণিমার ঐ জোছনায়
স্নান করবো তোমার সাথে,
ভালোবাসায় ভরিয়ে দিও
ঘুমিয়ে যেওনা সে রাতে।

তোমার বুকে মাথা রেখে
থাকবো আমি ঘুমে,
সোহাগের চন্দন ছুঁয়ে দিও
কপালে দিও চুমে।

Leave a Comment