দেখা করতে আইসো বন্ধু
শানবাঁধানো ঘাটে
নয়ন ভরে দেখবো তোমায়
যখন সূর্য যাবে পাটে।
তোমার সনে কইবো কথা
হিজল গাছের তলে
সাঁঝের বেলায় জোনাক যখন
মিটিমিটি জ্বলে।
চাঁদের আলোয় দেখবো তোমায়
মেটাবো মনের আশা,
তোমার নয়নে রাখবো নয়ন
বুঝে নিও তার ভাষা।
বেলি ফুলের মালা দিবো
সুরভি তার নিও
পুকুরের ঐ পদ্মফুল
খোঁপায় গুজে দিও।
মনের সুখে গাইবো আমি
ভালোবাসার গান
কথা দিলাম গান শুনিয়ে
ভরাবো তোমার প্রাণ।
তোমার হাতে হাত রেখে
কাটাবো সারা রাতি
কাল নিশীথে থাকবো জেগে
জ্বালিয়ে প্রেমের বাতি।
একলা ফেলে আমায় তুমি
যেওনা দূরে সরে
তোমা হীনা থাকা যে দায়
প্রাণ যে শুধু ডরে।






