আজি অঝোরে ঝরছে বাদল
বইছে মিষ্টি সমীরণ,
বসে আছি মুগ্ধ পানে
খুলে দখিনা বাতায়ন।
বাদলের এই মধুর ছন্দে
মনেতে বাজছে সুখের সুর,
বৃষ্টির ফোঁটায় শীতল ছোঁয়ায়
সব কষ্ট যেনো হয় দূর।
বৃক্ষরাজির ফুল পাতা সব
ভিজছে একাকার,
সবার প্রাণে দোল লেগেছে
নেই কোনো হাহাকার।
কচু পাতায় জলের ফোঁটা
দেখতে লাগছে বেশ,
হাওয়ার দোলায় দুলছে তারা
কাটছে না মধুর রেশ।
ফুল বাগানের নানান গাছে
ফুটছে রঙিন ফুল,
বৃষ্টির জলে ভিজছে তারা
হয়েছে আনন্দে মশগুল।
বাদলের এই অঝোর ধারায়
ভিজছে তনুমন,
সমীরণের শীতল ছোঁয়ায়
গায়ে লাগলো শিহরণ।
এমন দিনে একলা আমি
বসে আছি তোমার আশে,
ভিজতাম দুইজন ফুল বাগানে
থাকতে যদি মোর পাশে।






