আজিজুন নাহার আঁখি

যে নয়ন তোমায় দেখে তৃষ্ণা মেটাতো
তুমি নাই বলে সেও আজ ভালোমতো দেখেনা,
চোখের আলো শুধু ঝাপসা হয়ে আসে
কিছু লিখতেও পারিনা পড়তেও পারিনা,
তোমার জন্যে কাঁদতে কাঁদতে
আঁখিযুগল আমার সাথে বেঈমানি করছে।

যে হাত তোমার সেবাযত্ন করতো
তোমার বিহনে সে হাত দুটো আর কথা শোনেনা,
হাত দুটো শুধু থরথর করে কাঁপে
লিখতেও পারি না রাঁধতেও পারিনা ,
হাত দুটো আমার সাথে বেঈমানি করছে।

তোমার সাথে পথ চলতে যার এতো সুখ ছিলো
তুমি হীনা সে পা আর চলতে পারেনা ,
পা দুটো শুধু ঝিমঝিম করে
মনে হচ্ছে পদযুগল অচল হয়ে যাচ্ছে
পা দুটোও আমার সাথে বেঈমানি করছে।

যে কর্ণযুগল তোমার কথনে পুলকিত হতো
মুগ্ধ হয়ে তোমার কথনে বিভোর থাকতো ,
তুমি পাশে নেই বলে কানে কিছু শুনিনা
আর শুনিনা বলে অনেকের কথার ভুল জবাব দেই ,
মনেতে যে ব্যাথা অনুভূত হয় তা কাউকে বুঝাতে পারিনা
আমার কর্ণযুগলও আমার সাথে বেঈমানি করছে।

তুমি বলতে আমার হাসিতে মুক্তো ঝরে
আর কথনে ঝরে ফুল
তোমার বিহনে সেই কথাও স্পষ্ট বুঝা যায় না ,
হৃদয়ের ব্যাথা কাউকে বলে বুঝাতে পারিনা
আমার বাকশক্তিও বেঈমানি করছে।

যে হৃদয় তোমার ভালোবাসায় সিক্ত হতো
তোমা হীনা হৃদয় আজ মরুভূমি ,
তোমার জন্যে কষ্টের বীণ বেজেই চলেছে
সেখানে আর ভালোবাসার সুর নেই
হৃদয়টাও আজ বেঈমানি করছে।

তুমি চলে গিয়েছো আর নিয়েছো আমার সব কর্মক্ষমতা
তুমি কি ফিরবে না আর আমার দ্বারে?
সব ইন্দ্রিয় কি থেমেই যাবে চিরতরে?

Leave a Comment