আজিজুন নাহার আঁখি

ও গো চাঁদ বলছি তোমায়
তোমার জোছনা মাখাও তার গায়ে,
সে যেনো তোমার আলোকে
জেগে থাকে বকুল গাছের ছায়ে।

ও গো সূর্য বলছি তোমায়
তোমার উষ্ণতা ছোঁয়াও তার গায়,
সে যেনো না ঘুমায় নির্জনে
কাছেতে ডাকে সে আমায়।

ও গো রঙধনু বলছি তোমায়
তোমার রঙে রাঙাও তার তনুমন,
সে যেনো তোমার রঙেতে
খুশিতে থাকে সারাক্ষণ।

ও গো ফুল বলছি তোমায়
তোমার সুবাস ছড়াও এ ভুবনে
সে যেনো আকুল হয় তোমার ঘ্রাণে
আমাকে ভাবে আনমনে।

ও গো পাখি বলছি তোমায়
তোমার কণ্ঠে গান শোনাও তারে,
সে যেনো পুলকিত হয় গানে
তোমার পানে চায় বারে বারে।

ও গো নদী বলছি তোমায়
তুমি বইয়ে চলো নিরবধি,
সে যেনো তোমার বুকেতে ভেসে বেড়ায়
ফিরে নাহি আসে চটজলদি।

ও গো সাগর বলছি তোমায়
তোমার ঢেউয়ের দোলায় দোলাও তারে,
সে যেনো তোমার দোলাতে বিমোহিত হয়
বসে থাকে সাগর পাড়ে।

ও গো ঝর্ণা বলছি তোমায়
তোমার ধারা বয়ে যাক সুমধুর ছন্দে,
সে যেনো ছন্দের তালে নৃত্য করে
থাকে যেনো মহা আনন্দে।

Leave a Comment