আজিজুন নাহার আঁখি

আমরা দুজন ভালোই তো ছিলাম
রৌদ্রোজ্জ্বল আকাশের নিচে
যেথায় ফুলেরা সাজতো রঙিন সাজে,
বৃক্ষরাজির সবুজ পত্রপল্লবে
নেচে বেড়াতো নানা রঙের পতঙ্গ,
পাখিদের মধুর কূজনে মুখরিত হতো চারিপাশ
চলতো ফুল আর অলির মহামিলন ।

গোধূলির লালা আভার সৌন্দর্য্যে বিমোহিত হতাম
তখন জোনাক পাখিরা মিটিমিটি জ্বলতো,
দলবেঁধে পাখিরা নীড়ে ফিরতো।
রাতের আকাশে ছিলো তারাদের মিছিল,
পূর্ণ শশীর আলোক বিচ্ছুরণ,
উঠোন জুড়ে জোছনার প্লাবন।

দখিণা সমীরণের মিষ্টি হাওয়ায়
শিহরণ লাগতো তনুমনে।
হটাৎ সব এলোমেলো হয়ে গেলো
রৌদ্রোজ্জ্বল আকাশ আজ কালো মেঘাচ্ছন্ন
এখন আর ফুলেরা সাজে না, পাখিরা গায় না,
পতঙ্গ নাচে না, ফুল আর অলির হয়না মিলন।

মেঘ না হয়ে বৃষ্টি হলেই ভালো হতো
সেই বৃষ্টির অঝোর ধারায়
সিক্ত হতো আমার তনুমন।
রাতের আলোক উজ্জ্বল আকাশ আজ
অমানিশার ঘোর আঁধারে ঢাকা
সেই আকাশে আর শশীর আলোক বিচ্ছুরণ নেই।

অমানিশার সেই আঁধারে আমি ছুটছি অবিশেষ
আমার হৃদয় আকাশটাও তুমি করলে বিদীর্ন,
নির্লিপ্ত নয়নে শুধুই পথচেয়ে রই।
জানি আমার আকাশে আর সূর্যোদয় হবে না,
হবে না তারাদের মিছিল,জোছনার প্লাবন
তবুও পোড়ামন শুধুই কেঁদে ফিরে
দূর অজানায় শুধুই অজানায়।

Leave a Comment