আজিজুন নাহার আঁখি

আমার মন পিঞ্জরে তোমার
আনাগোনা ছিলো রোজ,
এখন তোমায় পাইনা কাছে
স্বপ্নে করি খোঁজ।

আমার মন আকাশে তুমি
ছিলে রঙিন ঘুড়ি
হটাৎ করে অন্যআকাশে
গেলে তুমি উড়ি।

আমার মন পাড়াতে তুমি
ছিলে খুশির বোল,
তোমা বিনে পুড়ছে হৃদয়
উঠছে কান্নার রোল।

আমার মন জমিনে তুমি
করেছিলে ভালোবাসার চাষ,
হটাৎ করে চলে গিয়ে
আমার করলে সর্বনাশ।

আমার মন পাহাড়ে তুমি
ছিলে পাহাড়ি ফুল,
সেই ফুলেতে সাজতে আমার
হয়নি কভু ভুল।

আমার মন নদীতে তুমি
ছিলে গভীর জল
সেই নদী শূণ্য করতে
করলে নানান ছল।

আমার মন সাগরে তুমি
ছিলে নীল ঢেউ,
কোন কারণে চলে গেলে
বুঝলোনা তো কেউ।

আমার মন বাগানে শুধু
তুমিই ছিলে মালী,
সেই বাগান শূন্য করে
কোথায় গেলে চলি ?

Leave a Comment